জনজাতি শিক্ষার্থীদের গুণগত শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার: মুখ্যমন্ত্রী

ত্রিপুরায় জনজাতি শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্যের জনজাতি জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি জনজাতি উন্নয়ন সংক্রান্ত বিষয়ে রাজ্য তিনটি জাতীয় পুরস্কার অর্জন করেছে, যা সরকারের কাজের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
রবিবার প্রধানমন্ত্রী ভার্চুয়ালি রাজ্যের পাঁচটি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের উদ্বোধন করেছেন। বর্তমানে রাজ্যে মোট ২১টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের অনুমোদন পাওয়া গেছে। ২০১৮ সালের পূর্বে রাজ্যে মাত্র চারটি এই ধরনের বিদ্যালয় ছিল। নতুন অনুমোদিত ২১টি বিদ্যালয়ের মধ্যে ইতিমধ্যে ১২টি চালু হয়েছে এবং রবিবার আরও পাঁচটি বিদ্যালয়ের উদ্বোধন করা হলো। প্রান্তিক এলাকায় এই ধরনের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতি জনজাতি শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ আরও প্রসারিত করবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক শম্ভুলাল চাকমা, মুখ্যমন্ত্রীর সচিব কিরণ গিত্তে, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ড. কে. শশিকুমার, অধিকর্তা শুভাশিস দাস, ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচবি এবং টিটিএএডিসির এমডিসি ইসমাইল জয় ত্রিপুরাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সরকার জনজাতি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যতের পথ সুগম করতে প্রতিশ্রুতিবদ্ধ।
