গোপালগঞ্জে ভুল করে বাড়িতে ঢুকে পড়ায় পিটিয়ে খুন যুবক

বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় ভুলবশত এক বাড়িতে ঢুকে পড়ার অভিযোগে বাবুল বিশ্বাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত বাবুল বিশ্বাসের বাড়ি জেলার কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামে। রবিবার রাতে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের একটি বাড়িতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে বাবুল বিশ্বাস ভুল করে ওই গ্রামের একটি বাড়িতে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের মানুষজন ছুটে আসেন। বাবুল সেখান থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং এলোপাথাড়ি মারধর শুরু করে। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় বাবুলকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও তদন্ত শুরু করেছে পুলিশ।
