ত্রিপুরায় ক্যানসারের ওষুধের দাম কমল ৯৬.৪৫ শতাংশ পর্যন্ত

ত্রিপুরায় ক্যানসারের ওষুধের দাম কমল ৯৬.৪৫ শতাংশ পর্যন্ত

ত্রিপুরায় ক্যানসার রোগীদের চিকিৎসার খরচ কমাতে বড়সড় স্বস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রকের অধীন ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) মোট ১৩৭টি ক্যানসারের ওষুধের দাম পুনর্নির্ধারণ করেছে। এর আওতায় ৫৪৩টি ব্র্যান্ড এবং ১,৩৬৪টি ওষুধের ফর্মুলেশন রয়েছে। গত ৯ নভেম্বর থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে। কেমোথেরাপির ইঞ্জেকশন থেকে শুরু করে মুখে খাওয়ার ওষুধ—সবক্ষেত্রেই দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

নতুন এই সিদ্ধান্তের ফলে ওষুধের দাম ৭৮ থেকে ৮২ শতাংশ পর্যন্ত কমেছে, আর কিছু ক্ষেত্রে মূল্যহ্রাসের হার সর্বোচ্চ ৯৬.৪৫ শতাংশ। উদাহরণস্বরূপ, অ্যানাস্ট্রোজল ট্যাবলেটের ১০টির প্যাকেটের দাম ৬৯৫ টাকা থেকে কমে হয়েছে ৭৩ টাকা। এছাড়া ফ্লুডারাবিন ইঞ্জেকশনের দাম ১৪,২৩৫ টাকা থেকে কমে ২,৪৩২ টাকা এবং ফুলভেস্ট্র্যান্ট ইঞ্জেকশনের দাম ২৬ হাজার টাকা থেকে কমে ৫,৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত দামের কারণে অনেক রোগী মাঝপথে চিকিৎসা বন্ধ করতে বাধ্য হতেন, এই সিদ্ধান্তের ফলে তাঁদের আর্থিক বোঝা অনেকটাই কমবে।

রাজ্যের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার সুব্রত দাস জানিয়েছেন, ৯ নভেম্বরের পর থেকে সমস্ত ওষুধের দোকান ও ফার্মেসিকে নতুন নির্ধারিত দামেই ওষুধ বিক্রি করতে হবে। পুরনো মজুত থাকলেও তা নতুন কম দামেই বিক্রি করতে হবে। সাধারণ মানুষকে সচেতন করতে হাসপাতাল চত্বর ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রচার চালানো হচ্ছে। ওষুধের সঠিক দাম যাচাই করার জন্য ‘ফার্মা সহি’ মোবাইল অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। কোনো দোকান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *