স্কুলে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা: পড়াশোনায় উন্নতির দাবি মার্কিন গবেষণার

স্কুলে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা: পড়াশোনায় উন্নতির দাবি মার্কিন গবেষণার

স্কুলে মোবাইল ফোনের ব্যবহার পড়ুয়াদের মেধা ও পড়াশোনার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। হাভার্ড ইউনিভার্সিটির সেন্টার ফর এডুকেশন পলিসি রিসার্চের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যে সমস্ত স্কুলে সারাদিন মোবাইল ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে, সেখানকার ছাত্রছাত্রীদের গণিত ও পঠনপাঠনের ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত আমেরিকার ৪,৬০০টি স্কুলের ৩৩ লক্ষ পড়ুয়ার ওপর এই গবেষণা চালানো হয়। গবেষকদের মতে, এই ইতিবাচক পরিবর্তনটি বছরজুড়ে অতিরিক্ত এক থেকে দুসপ্তাহ বাড়তি ক্লাস করার সমতুল্য।

গবেষণায় তৃতীয় থেকে দশম শ্রেণির পড়ুয়াদের ‘ম্যাপ টেস্ট’-এর ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। দেখা গেছে, ক্লাসের নির্দিষ্ট সময়ের পরিবর্তে সারাদিনের জন্য ফোন নিষিদ্ধ করলে পড়ুয়ারা পড়াশোনায় বেশি মনোযোগ দিতে পারে। ফোনের নোটিফিকেশন বা সোশ্যাল মিডিয়ার হাতছানি না থাকায় তারা জটিল বিষয়গুলো বুঝতে ও প্রশ্নের উত্তর দিতে বেশি সময় পায়। বর্তমানে আমেরিকার ৪৬টি রাজ্যে স্কুলগুলোতে মোবাইল ব্যবহারের ওপর বিভিন্ন মাত্রার কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কেবল পরীক্ষার ফল নয়, মোবাইল থেকে দূরে থাকার ফলে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটছে। দীর্ঘক্ষণ ফোন থেকে দূরে থাকায় শিশুরা একে অপরের সঙ্গে সামনাসামনি মেলামেশা ও খেলাধুলার সুযোগ পাচ্ছে, যা তাদের সামাজিক আচরণ বিকাশে সহায়ক। যদিও গবেষকরা মনে করেন, কেবল মোবাইল নিষিদ্ধ করলেই শিক্ষা ব্যবস্থার সব ত্রুটি দূর হবে না, তবে এটি অত্যন্ত কম খরচে পড়ুয়াদের সার্বিক বিকাশের একটি কার্যকর উপায় হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *