মেয়াদ শেষের আগেই পদত্যাগের পথে বারুইপুর পুরসভার তৃণমূল বোর্ড

মেয়াদ শেষের আগেই পদত্যাগের পথে বারুইপুর পুরসভার তৃণমূল বোর্ড

মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই বারুইপুর পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার পুরভবনে আয়োজিত এক জরুরি বৈঠকে পুরপ্রধান শক্তি রায়চৌধুরী ও উপ-পুরপ্রধান গৌতমকুমার দাস সহ মোট ১৪ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। অনুপস্থিত থাকা বাকি তিন কাউন্সিলরও এই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেছেন। খুব শীঘ্রই মহকুমা শাসকের কাছে আনুষ্ঠানিকভাবে ইস্তফাপত্র জমা দেওয়া হবে।

পুরপ্রধানের দাবি, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে পুরসভা চরম আর্থিক সংকটের সম্মুখীন। পর্যাপ্ত তহবিলের অভাবে পুরকর্মীদের বেতন প্রদান এবং রাস্তাঘাট ও নিকাশির মতো নিত্যপ্রয়োজনীয় নাগরিক পরিষেবা বজায় রাখা আসাম্ভব হয়ে পড়েছে। উপ-পুরপ্রধানের অভিযোগ, প্রশাসনিক সমন্বয়ের অভাব এবং একের পর এক মিথ্যা মামলার কারণে পুরসভার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির কারণেই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বিগত দিনের আর্থিক দুর্নীতি এবং সিআইডি তদন্তের হাত থেকে বাঁচতেই তড়িঘড়ি সরে দাঁড়াচ্ছেন তৃণমূলের পুর-প্রতিনিধিরা। উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বারুইপুর পুরসভা তৃণমূলের দখলে ছিল এবং ২০২২ সালের নির্বাচনে ১৭টি ওয়ার্ডের সবকটিতেই জয়ী হয়েছিল শাসকদল। এখন বোর্ড পদত্যাগ করলে পুর আইন অনুযায়ী পরবর্তী নির্বাচনের আগে পর্যন্ত পুরসভার দায়িত্ব সরকারি প্রশাসকের হাতে ন্যস্ত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *