রেল পরিষেবায় বড় রদবদল: বাতিল ৯০টি ট্রেন, একাধিক ট্রেনের যাত্রাপথ পরিবর্তন

রেল পরিষেবায় বড় রদবদল: বাতিল ৯০টি ট্রেন, একাধিক ট্রেনের যাত্রাপথ পরিবর্তন

রেল পরিষেবায় বড়সড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে, যার জেরে ৯০টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। পুজোর মরশুমের ঠিক পরেই এই সিদ্ধান্তে সাধারণ যাত্রী ও দূরপাল্লার যাত্রীদের মধ্যে চরম ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। বাতিলের তালিকায় লোকাল ও মেমু ট্রেনের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ সুপারফাস্ট ও এক্সপ্রেস ট্রেনও রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, হাওড়া-জুনাগড় রোড ইস্পাত এক্সপ্রেস, শালিমার-ভুজ এক্সপ্রেস এবং শালিমার-এলটিটি মুম্বই এক্সপ্রেস।

ট্রেন বাতিলের পাশাপাশি আটটি গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে যোগনগরী ঋষিকেশ-পুরী কলিঙ্গ উৎকল এক্সপ্রেস, ভুবনেশ্বর-আনন্দ বিহার টার্মিনাল রাজধানী এক্সপ্রেস এবং নতুন দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস। এই ট্রেনগুলি ইব-ঝাড়সুগুড়া রোড-সম্বলপুর সিটি-আঙ্গুল-কটক এবং টাটানগর-ডাঙ্গুয়াপোসি-নয়াগড় হয়ে ঘুরপথে গন্তব্যে পৌঁছবে। রেলের এই সিদ্ধান্তের ফলে যাত্রীদের আগাম ভ্রমণ পরিকল্পনা বদলাতে হচ্ছে।

এছাড়াও পাঁচটি ট্রেনের ক্ষেত্রে ‘শর্ট টার্মিনেশন’ ও ‘শর্ট অরিজিনেশন’ নীতি কার্যকর করা হয়েছে। আরা-দুর্গ এক্সপ্রেস রাউরকেলা পর্যন্ত যাবে এবং গোরক্ষপুর-সম্বলপুর এক্সপ্রেস হাতিয়াতেই যাত্রা শেষ করবে। একইভাবে পুরী-রাউরকেলা-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাও সম্বলপুরে সীমাবদ্ধ রাখা হয়েছে। রেল প্রশাসনের তরফে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, স্টেশনে আসার আগে যেন অবশ্যই ট্রেনের রিয়েল-টাইম আপডেট ও পরিবর্তিত সময়সূচি ভালোভাবে দেখে নেওয়া হয়, যাতে কোনো অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে না হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *