প্রাণিসম্পদ বিকাশে রাজ্যে সেরা পশ্চিম মেদিনীপুর, মাংস ও হাঁস-মুরগির বাচ্চা উৎপাদনে প্রথম

প্রাণিসম্পদ বিকাশে রাজ্যে সেরা পশ্চিম মেদিনীপুর, মাংস ও হাঁস-মুরগির বাচ্চা উৎপাদনে প্রথম

প্রাণিসম্পদ বিকাশে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পশ্চিম মেদিনীপুর জেলা। রাজ্যের মধ্যে মাংস উৎপাদন এবং হাঁস-মুরগির বাচ্চা উৎপাদনে জেলাটি প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া দুধ উৎপাদন ও কৃত্রিম প্রজননের ক্ষেত্রেও জেলাটি রাজ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপনে জেলাকে পুরস্কৃত করা হয়েছে। এই অর্জনে জেলার প্রাণিসম্পদ বিকাশ বিভাগের কর্মী ও প্রাণিপালকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত বছরের তুলনায় ২০ হাজার মেট্রিক টন উৎপাদন বাড়িয়ে এ বছর জেলায় মোট ১ লক্ষ ৮০ হাজার মেট্রিক টন মাংস উৎপাদিত হয়েছে। এর মধ্যে গড়বেতা-২ ব্লক মাংস উৎপাদনে জেলার মধ্যে প্রথম স্থান পেয়েছে। একইভাবে মেদিনীপুর শহরের রাজ্য পোল্ট্রি ফার্মে হাঁস ও মুরগির বাচ্চার উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দুধ উৎপাদনের ক্ষেত্রেও জেলাটি ভালো ফল করেছে, যেখানে ডেবরা ব্লক প্রথম স্থান অধিকার করেছে।

এই সাফল্যের নেপথ্যে সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন নিখরচায় টিকাকরণ, মোবাইল ভেটেরিনারি ইউনিটের মাধ্যমে চিকিৎসা এবং বিজ্ঞানসম্মত প্রাণিপালন কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। টিকাকরণের স্বচ্ছতা বজায় রাখতে ওটিপি ব্যবস্থা এবং মোবাইল চিকিৎসার ক্ষেত্রে লোকেশন ট্যাগিং বাধ্যতামূলক করা হয়েছিল। এছাড়া গবাদি পশুর বিমা প্রকল্প চালু হওয়ায় প্রাণিপালকদের আত্মবিশ্বাস বেড়েছে। প্রাণিসম্পদ বিকাশ বিভাগের ডেপুটি ডিরেক্টর চিন্ময় চক্রবর্তী জানিয়েছেন, টিকাকরণ ও চিকিৎসার ফলে প্রাণীর মৃত্যুহার কমেছে, যা সামগ্রিক উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *