সাইবার হামলায় এআই-এর ব্যবহার: বড় বিপদের আশঙ্কায় গুগল

গুগল থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপ এবং ম্যান্ডিয়ান্টের সাম্প্রতিক এক যৌথ প্রতিবেদনে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহারের ভয়াবহ চিত্র উঠে এসেছে। রিপোর্টে জানানো হয়েছে, হ্যাকাররা এখন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম প্রযুক্তি ব্যবহার করে সাইবার হামলার প্রস্তুতি পর্বের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনছে। এছাড়া, বিভিন্ন সফটওয়্যার আপডেটের দুর্বলতা খুঁজে বের করতেও এআই-এর সাহায্য নেওয়া হচ্ছে, যা কর্পোরেট প্রতিষ্ঠানের ডিজিটাল পরিকাঠামোর জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
গবেষকদের মতে, বর্তমানে সাইবার অপরাধীরা ARTEX, CAIRN এবং CyberStrikeAI-এর মতো উন্নত মাল্টি-এজেন্ট ফ্রেমওয়ার্ক ব্যবহার করছে। এই ব্যবস্থায় একাধিক এআই এজেন্ট নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়ে অত্যন্ত দ্রুতগতিতে হামলা চালাতে সক্ষম। বর্তমানে সাইবার অপরাধের এই প্রবণতা পঞ্চম পর্যায়ে রয়েছে। গবেষকদের অনুমান, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে হ্যাকাররা সপ্তম পর্যায়ে পৌঁছে যাবে, যেখানে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে জটিল সাইবার হামলা চালানো সম্ভব হবে।
এই বিপজ্জনক এআই এজেন্টগুলো মূলত ওপেন সোর্স পেনিট্রেশন টেস্টিং ফ্রেমওয়ার্কের মাধ্যমে কাজ করে। একটি অর্কেস্ট্রেশন এজেন্ট প্রথমে টার্গেট নেটওয়ার্কে নজরদারি চালিয়ে প্রবেশের পথ খুঁজে বের করে এবং পরবর্তীতে সেখানে দীর্ঘমেয়াদী উপস্থিতি নিশ্চিত করে। যদিও প্রতিটি একক হামলার সাফল্যের হার কম হতে পারে, তবে এআই-এর মাধ্যমে হামলার সংখ্যা ও ঘনঘন আক্রমণের প্রবণতা বহুগুণ বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তার ঝুঁকি চরম আকার ধারণ করছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
