মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলার ঘটনায় ফের এনআইএ-র তলব সুজাপুরের বিধায়ক ও তাঁর স্বামীকে

মালদহের মোথাবাড়িতে বিচারবিভাগীয় আধিকারিকদের ওপর হামলার ঘটনায় সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামী মেহবুব আলমকে ফের তলব করেছে এনআইএ। আগামী ২৩ নভেম্বর তাঁদের কলকাতার এনআইএ দফতরে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৭ নভেম্বর তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এই নতুন সমন পাঠানো হয়। এর আগেও এই মামলায় বিধায়ক ও তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তদন্তকারীদের সূত্রে জানা গেছে, ইতিপূর্বে সংগৃহীত বয়ান, সিসিটিভি ফুটেজ এবং ডিজিটাল তথ্যপ্রমাণ খতিয়ে দেখার পর বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে। সেই সূত্র ধরেই এবার স্বামী-স্ত্রী দু’জনকে একসঙ্গে ডেকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের ১ এপ্রিল কালিয়াচক-২ ব্লক অফিসে ভোটার তালিকার সংশোধনের কাজ চলাকালীন সাতজন বিচারবিভাগীয় আধিকারিককে আটকে রাখা এবং ফেরার পথে তাঁদের গাড়িতে হামলার অভিযোগ ওঠে।
সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন এই ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেয়। এই মামলায় এনআইএ মোট ১২টি পৃথক মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে এবং ইতিমধ্যেই ২৩ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। এদিকে, বারবার তলব করার বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিধায়ক সাবিনা ইয়াসমিন। তাঁর দাবি, কোনো ধরনের হিংসার ঘটনার সাথে তাঁদের কোনো যোগ নেই। তবে বিচারকদের ওপর হামলার মতো স্পর্শকাতর মামলায় শীর্ষ আদালতের নজরদারি থাকায় তদন্তে কোনো ফাঁক রাখতে চাইছে না এনআইএ।
