শিলিগুড়িতে ট্রাক আটকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি কর্মী ও সাসপেন্ড ওবিসি মোর্চা নেতা

শিলিগুড়ির তিনবাত্তি মোড় সংলগ্ন এলাকায় সোমবার গভীর রাতে একটি চাল বোঝাই ট্রাক আটকে তোলাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ, কয়েকজন যুবক নথিপত্র পরীক্ষার নাম করে ট্রাক চালককে হেনস্থা করেন এবং মোটা অঙ্কের টাকা দাবি করেন। এই ঘটনার প্রেক্ষিতে চালকের লিখিত অভিযোগের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিজেপি যুব মোর্চার দুই কর্মীকে গ্রেফতার করেছে। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের মধ্যে শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কো-অর্ডিনেটরের ভাই সঞ্জয় বিশ্বাস রয়েছেন, যিনি শিলিগুড়ি সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার কথা জানাজানি হতেই ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। দলের পরিচয় ব্যবহার করে কোনো অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। বিধায়কের নির্দেশের পরই দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সঞ্জয় বিশ্বাসকে তাঁর পদ থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।
