সরকারি কাজে গতি আনতে বড় সিদ্ধান্ত নবান্নের, ৭৫ লক্ষ টাকা পর্যন্ত খরচে মিলবে বিশেষ ছাড়

প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি এবং সরকারি প্রকল্পের মানোন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। গত ১৩ নভেম্বর অর্থ দফতরের অডিট শাখা থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে সরকারি প্রকল্প ও গবেষণার প্রয়োজনে আইআইটি, আইআইএম এবং ডব্লিউবিএনইউজেএস-এর মতো সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত স্বশাসিত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলির বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া যাবে। এই নতুন নিয়ম অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে যে, এই প্রক্রিয়ায় কোনো বেসরকারি সংস্থা বা প্রাইভেট কনসালটেন্সি ফার্মকে যুক্ত করা যাবে না। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ২০১৩ সালের পুরনো নিয়মই বহাল থাকবে। প্রতিটি প্রশাসনিক দফতরকে যোগ্য সরকারি প্রতিষ্ঠানগুলির একটি প্যানেল তৈরি করতে হবে এবং সীমিত দরপত্র বা প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে সংস্থা নির্বাচন করতে হবে।
নতুন নিয়মে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতাও বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে প্রতিটি অ্যাসাইনমেন্টের জন্য ৭৫ লক্ষ টাকা পর্যন্ত খরচের প্রশাসনিক ও আর্থিক অনুমোদন সংশ্লিষ্ট দফতরের প্রধান নিজেই দিতে পারবেন, যার জন্য অর্থ দফতরের আগাম সম্মতির প্রয়োজন হবে না। তবে প্রকল্পের খরচ ৭৫ লক্ষ টাকা ছাড়িয়ে গেলে আগের নিয়ম অনুযায়ী অর্থ দফতরের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে।
কাজের গুণমান ও স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি দফতরকে কাজের পরিধি ও লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। কাজের ধাপ ও সময়সীমা চুক্তিতে উল্লেখ থাকা বাধ্যতামূলক। দরপত্র প্রক্রিয়ায় পর্যাপ্ত সাড়া না মিললে দফতরের প্রধানের গঠিত তিন সদস্যের বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। সরকারি অর্থের অপচয় রোধে এই পুরো প্রক্রিয়ার নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
