ইউটিউব চ্যানেল হাতছাড়া, আর্থিক সংকটে দিন কাটছে ভাইরাল ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকরের

ইউটিউব চ্যানেল হাতছাড়া, আর্থিক সংকটে দিন কাটছে ভাইরাল ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকরের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ভুবন বাদ্যকর বিভিন্ন স্টেজ শো ও যাত্রাপালায় অংশ নেওয়া শুরু করেছিলেন। তবে সেই অভিজ্ঞতা সুখের হয়নি বলেই জানিয়েছেন তিনি। ভুবনের অভিযোগ, যাত্রাপালায় কাজ করার পর তাঁকে প্রাপ্য পারিশ্রমিক দেওয়া হয়নি। তাঁর প্রায় ৬৭ হাজার টাকা এখনও বকেয়া রয়েছে। এই তিক্ত অভিজ্ঞতার কারণে তিনি এখন আর যাত্রাপালায় অভিনয় করেন না। বর্তমানে ফেসবুক মিটআপ, কীর্তন বা বাউল গানের অনুষ্ঠানে অংশ নিয়ে যে সামান্য আয় হয়, তা দিয়েই কোনোমতে সংসার চালাচ্ছেন তিনি।

নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ইউটিউব চ্যানেল খুললেও বর্তমানে চরম বিপাকে পড়েছেন ভুবন। তাঁর অভিযোগ, দেড় লক্ষ সাবস্ক্রাইবার থাকা মূল ইউটিউব চ্যানেলটি অন্য এক ব্যক্তি নিজের দখলে নিয়ে নিয়েছেন। এই বিষয়ে বর্তমানে আইনি লড়াই চলছে। চ্যানেল ফিরে না পাওয়া পর্যন্ত তিনি নতুন কোনো গান তৈরি বা আপলোড করা থেকে বিরত রয়েছেন। তবে তাঁর ছেলে নতুন একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে টুকিটাকি ভিডিও পোস্ট করেন।

আর্থিক অনটনের মধ্যেও পরিবারের দায়িত্ব পালন করছেন ভুবন বাদ্যকর। সম্প্রতি ৭৫ হাজার টাকা ঋণ নিয়ে তিনি ছেলে মনোজের জন্য একটি টোটো কিনে দিয়েছেন। একসময় সাইকেল বা ভ্যানে গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করলেও, এখন আর তাঁকে সেই কাজ করতে হয় না। তবে কেউ বাড়িতে এসে বাদামের অর্ডার দিলে তিনি তা আনিয়ে দেন। ভাইরাল হওয়ার পরবর্তী সময়ে ভুবন বাদ্যকরের এই সাধারণ ও সংগ্রামের জীবন নিয়ে অনুরাগীদের মধ্যে চর্চা অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *