AIAPGET 2026: কাউন্সেলিং নিয়ে জটিলতা, দ্রুত সমাধানের দাবিতে আয়ুষ মন্ত্রীর দ্বারস্থ এবিভিপি

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) গত সেপ্টেম্বর মাসে AIAPGET ২০২৬ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিল। তবে পরীক্ষার একাধিক প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। বর্তমানে আদালতের নির্দেশে পরীক্ষার ফলাফলের ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে, যার ফলে সংশ্লিষ্ট ভর্তি ও কাউন্সেলিং প্রক্রিয়া আপাতত থমকে রয়েছে।
এই পরিস্থিতিতে দ্রুত সমাধানের দাবিতে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রীর দ্বারস্থ হয়েছে এবিভিপি। সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, পরীক্ষার ১১৬ নম্বর প্রশ্নের (প্রশ্ন আইডি ১১৬৭৯) সংশোধিত নম্বর যেন সব পরীক্ষার্থীর ক্ষেত্রে সমানভাবে বণ্টন করা হয়, যাতে কোনো শিক্ষার্থী বঞ্চিত না হন।
পাশাপাশি, দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করা বাকি সাতটি বিতর্কিত প্রশ্ন খতিয়ে দেখার জন্য একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের দাবিও জানিয়েছে এবিভিপি। সংগঠনের মতে, এই অসঙ্গতিগুলো দ্রুত দূর করা প্রয়োজন। শিক্ষার্থীরা যাতে কোনো বাধা ছাড়াই পরবর্তী ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, সেই লক্ষ্যে প্রশাসনিক হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে।
