বর্ধমান: অনিয়মের অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর

বর্ধমান: অনিয়মের অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর

পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বিচারপতি বিশ্বজিৎ বসু বুধবার বর্ধমানের একাধিক নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক অভিযান চালান। এই পরিদর্শনের সময় খোসবাগানের দুটি ডায়াগনস্টিক সেন্টারে বড় ধরনের অনিয়ম ধরা পড়ে। কমিশনের নির্দেশে আপাতত ওই দুটি কেন্দ্র বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানের সময় বিচারপতির এক সহযোগী রোগী সেজে ওই সেন্টারে রক্ত পরীক্ষা করাতে যান। কলকাতার একটি ল্যাবের পুরনো রিপোর্টের প্রতিলিপি সঙ্গে নিয়ে তিনি পরীক্ষা করাতে গেলে, কোনো পরীক্ষা ছাড়াই দ্রুত তাকে নতুন রিপোর্ট ধরিয়ে দেওয়া হয়। কলকাতার রিপোর্টের সঙ্গে বর্ধমানের ওই সেন্টারের রিপোর্টের আকাশপাতাল তফাত দেখে কর্মীরা জেরার মুখে স্বীকার করেন যে, সকালে কোনো চিকিৎসক বা টেকনিশিয়ান উপস্থিত ছিলেন না। অনুমানের ভিত্তিতেই মনগড়া রিপোর্ট তৈরি করা হয়েছিল।

পরিদর্শনের সময় দেখা যায়, আবাসিক বসতবাড়ির মধ্যেই যথাযথ পরিকাঠামো ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়াই ওই ডায়াগনস্টিক সেন্টারগুলো চলছে। স্বাস্থ্য পরিষেবার নামে এমন অনিয়ম ও গাফিলতি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি স্পষ্ট জানান, পরীক্ষার রিপোর্ট ভুল হলে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে এমন ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *