চেন্নাই আর কখনও ধোনির মতো ক্রিকেটার পাবে না: ইরফান পাঠান

আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে চেন্নাই সুপার কিংস মঙ্গলবার তাঁর না খেলার বিষয়টি নিশ্চিত করেছে। এই প্রেক্ষাপটে প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান জানিয়েছেন, হলুদ জার্সিতে ধোনি যা করেছেন এবং যেভাবে দলকে বছরের পর বছর জিতিয়েছেন, তা এক কথায় অসাধারণ। পাঠানের মতে, চেন্নাই সুপার কিংস ভবিষ্যতে আর কখনও ধোনির মতো ক্রিকেটার খুঁজে পাবে না। ক্রিকেটার হিসেবে ধোনির তৈরি করা উচ্চতায় পৌঁছানো কার্যত আসাম্ভব বলেই তিনি মনে করেন।
পাঠান আরও জানান, অধিনায়ক থাকাকালীন ধোনি সতীর্থদের মেন্টরের মতো সাহায্য করতেন এবং তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস জোগাতেন। ড্রেসিংরুমে ধোনির সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ধোনি ফিল্ডিং সাজানো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে কাঙ্ক্ষিত ফল এনে দিতেন। আশা করা হচ্ছে, মেন্টর হিসেবেও ডাগআউট এবং ড্রেসিংরুমে ধোনি তাঁর সেই একই জাদু বজায় রাখবেন।
চেন্নাইয়ের হয়ে ২৭২টি ম্যাচ খেলে ৫৩১৪ রান করেছেন ধোনি। তাঁর নেতৃত্বেই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। চাপের মুখে ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করার দক্ষতার জন্য তিনি ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে পরিচিত। এদিকে, ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া ধোনির এই নীরব বিদায়কে তাঁর ব্যক্তিত্বেরই প্রতিফলন বলে অভিহিত করেছেন। কোনো বিশেষ সংবর্ধনা ছাড়াই আইপিএল থেকে সরে দাঁড়ানো ধোনির নিজস্ব স্টাইল বলেই মনে করছেন তিনি।
