ইতালির রাজনীতিকের মন্তব্যের জেরে সুপ্রিম কোর্টে মামলা, শুনানির দিন ধার্য

ইতালির রাজনীতিকের মন্তব্যের জেরে সুপ্রিম কোর্টে মামলা, শুনানির দিন ধার্য

হায়দরাবাদে আয়োজিত ‘ভারত সামিট ২০২৬’ অনুষ্ঠানে ইতালির রাজনীতিক জিয়াকোমো ফিলিবেকের মন্তব্য ঘিরে আইনি বিতর্ক তৈরি হয়েছে। ইউরোপীয় সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক ফিলিবেক ওই অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেন। তিনি বিরোধী দলগুলোর সমর্থনে বক্তব্য রাখায় বিদেশি প্রতিনিধির ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে অংশগ্রহণের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মহাদেবনের বেঞ্চে এই মামলার জরুরি শুনানির আবেদন জানানো হয়। মামলাকারীর আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানালে আদালত আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেছে। মামলাকারীর দাবি, সোশ্যাল মিডিয়া থেকে ফিলিবেকের বিতর্কিত ভিডিওগুলি সরিয়ে ফেলা হোক এবং এই ঘটনার জন্য তেলঙ্গানা সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে নির্দেশ দেওয়া হোক।

মামলায় ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫’-এর উল্লেখ করে ফিলিবেকের ভিসার শর্ত এবং ভারতে অবস্থানের নিয়ম যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে। মামলাকারীর মতে, কোনো বিদেশি রাজনৈতিক প্রতিনিধি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক আন্দোলনে অংশ নিয়ে নির্দিষ্ট দলকে সমর্থন করতে পারেন না। ভবিষ্যতে যাতে কোনো বিদেশি প্রতিনিধি ভারতের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে না পারেন, সেই বিষয়েও আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *