গোপালগঞ্জে সহিংসতা ও অস্থিরতা: মোতায়েন ২১ প্লাটুন বিজিবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কাশিয়ানীতে গত কয়েকদিন ধরে চলা সহিংসতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর বুধবারও এলাকাটি বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়েছে। এছাড়া সড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর পুড়িয়ে দেওয়া অন্তত চারটি যানবাহনের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।
কাশিয়ানীতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। স্থানীয় বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। এ সময় পুলিশের এক সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়াসহ বিভিন্ন থানার অধিকাংশ পুলিশ সদস্য জেলা পুলিশ লাইন্সে চলে গেছেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বর্তমান পরিস্থিতিতে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবারের কর্মসূচিকে সামনে রেখে বুধবার সন্ধ্যায় জেলা শহরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে। জেলা সদরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হলেও থমথমে ভাব বজায় রয়েছে। এর আগে গত ১০ ও ১৫ নভেম্বর গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জেরে মঙ্গলবার সন্ধ্যায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে এবং সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
