মদ্যপানের অজুহাতে বিমার দাবি খারিজ, টাটা এআইজি-কে ক্ষতিপূরণের নির্দেশ আদালতের

স্টেট ব্যাঙ্কের মাধ্যমে টাটা এআইজি-র একটি বিমা পলিসি করিয়েছিলেন গোবিন্দস্বামী নামে এক ব্যক্তি। ২০২২ সালের ৯ এপ্রিল এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ১৮ এপ্রিল তাঁর মৃত্যু হয়। বিমার শর্ত অনুযায়ী তাঁর পরিবার ৩০ লক্ষ টাকার দাবি জানালে বিমা সংস্থা তা খারিজ করে দেয়। সংস্থার দাবি ছিল, দুর্ঘটনার সময় ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন, তাই বিমার টাকা দেওয়া সম্ভব নয়।
পরিবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভেলোরের জেলা ক্রেতা সুরক্ষা আদালতে মামলা দায়ের করে। সেখানে পরিবারের পক্ষে রায় দেওয়া হয়। বিমা সংস্থা রাজ্য ক্রেতা সুরক্ষা কমিশনে আপিল করলেও সেখানেও আগের রায় বহাল থাকে। আদালত জানায়, বিমা সংস্থা মদ্যপানের সপক্ষে কোনো ল্যাব রিপোর্ট বা পোক্ত প্রমাণ পেশ করতে পারেনি। এছাড়া, বিমা সংস্থার জমা দেওয়া নথিতে মৃত্যুর তারিখ নিয়েও গরমিল ধরা পড়ে।
আদালত স্পষ্ট করেছে যে, কোনো বিশেষ নিয়মের অজুহাতে বিমার দাবি খারিজ করলে তা প্রমাণের দায়িত্ব সম্পূর্ণ বিমা সংস্থার। আদালত টাটা এআইজি-কে নির্দেশ দিয়েছে, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর থেকে বার্ষিক ৯ শতাংশ সুদসহ ৩০ লক্ষ টাকা পরিবারকে প্রদান করতে। পাশাপাশি, পরিষেবায় গাফিলতি ও মানসিক হয়রানির জন্য ৫০ হাজার টাকা এবং মামলার খরচ বাবদ আরও ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
