পরীক্ষা ছাড়াই মনগড়া রিপোর্ট, বর্ধমানের দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বর্ধমানের বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান চালানো হয়। এই পরিদর্শনের সময় শহরের খোসবাগান এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ সামনে আসে। সাধারণ রোগীর ছদ্মবেশে কমিশনের প্রতিনিধিরা সেখানে রক্ত পরীক্ষার নমুনা জমা দিয়ে হাতেনাতে দুর্নীতির প্রমাণ পান।
অভিযোগ, ওই ডায়াগনস্টিক সেন্টারে কোনো পরীক্ষা ছাড়াই মনগড়া রিপোর্ট তৈরি করে রোগীদের দেওয়া হচ্ছিল। কলকাতার একটি নামী ল্যাবের রিপোর্টের সঙ্গে বর্ধমানের ওই সেন্টারের রিপোর্টের আকাশপাতাল পার্থক্য ধরা পড়ে। জেরার মুখে কর্মীরা স্বীকার করেন যে, সকালে কোনো অভিজ্ঞ চিকিৎসক বা টেকনিশিয়ান উপস্থিত ছিলেন না এবং ল্যাবরেটরিতে ব্যবহৃত কিট বা সরঞ্জামও মানসম্মত ছিল না।
তদন্তে দেখা যায়, আবাসিক বাড়ির ভেতর সম্পূর্ণ বেআইনিভাবে ওই ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালিত হচ্ছিল। সেখানে প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা পরিকাঠামো বা যন্ত্রপাতির অভাব ছিল প্রকট। মানুষের জীবন ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে এমন গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান বিশ্বজিৎ বসু। এই ঘটনার প্রেক্ষিতে খোসবাগানের দুটি ডায়াগনস্টিক সেন্টার অবিলম্বে বন্ধ করার কড়া নির্দেশ দিয়েছেন কমিশনের চেয়ারম্যান।
