ফলতার ২৮৫টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের

পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, আগামী ২১ মে ফলতা বিধানসভার ২৮৫টি বুথেই পুনরায় ভোটগ্রহণ করা হবে। এই কেন্দ্রের ভোটগণনা ৪ মে না হয়ে আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর থেকেই ফলতা বিধানসভা এলাকা রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি সমর্থকদের অভিযোগ, ভোট দেওয়ার অপরাধে তাঁদের মারধর, খুনের হুমকি এবং বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া এবং ভয় দেখানোর মতো একাধিক অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
এই পরিস্থিতির প্রতিবাদে শনিবার হাসিমনগরে বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন। হাসিমনগরে হুমকি দেওয়ার ঘটনায় ইতিমধ্যে আতিবুর শেখ, হাবিব মোল্লা ও হাবিব শেখ নামে তিন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া স্থানীয় পঞ্চায়েত প্রধান ইসরাফিল চাকদার ও সুজাউদ্দিন শেখের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং জওয়ানরা নিয়মিত টহল দিচ্ছেন। তবে এই উত্তপ্ত পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বজায় রয়েছে।
