রিলস নির্মাতা ও সাংবাদিক এক নয়, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং রিলস নির্মাতারা পেশাদার সাংবাদিকদের মতো একই সুরক্ষা দাবি করতে পারেন না বলে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের যুক্তি, হাতে ক্যামেরা বা মাইক্রোফোন থাকলেই কেউ সাংবাদিক হয়ে যান না। কোনো ব্যক্তি প্রকৃত সাংবাদিকতা করছেন নাকি বাণিজ্যিক উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করছেন, তা যাচাই করা জরুরি। বিক্ষোভের ছবি বা ভিডিও তুললেই কাউকে সাংবাদিক হিসেবে গণ্য করা যায় না বলে দাবি করেছে পুলিশ।
দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ চলাকালীন সাংবাদিকদের কাজে বাধা ও হেনস্থার অভিযোগ ওঠে। সেই সংক্রান্ত মামলার প্রেক্ষিতেই এই হলফনামা জমা দেওয়া হয়েছে। পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একাংশ ক্যামেরা নিয়ে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যার ফলে প্রকৃত সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের আলাদা করা কঠিন হয়ে পড়ে।
তবে পুলিশ স্পষ্ট করেছে যে, সাংবাদিক হিসেবে স্বীকৃতি পেতে স্বীকৃত সংবাদমাধ্যমের পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক নয়। স্বাধীন সাংবাদিক, ফ্রিল্যান্সার এবং ডিজিটাল প্ল্যাটফর্মে খবর প্রকাশ করা নাগরিকরাও সংবিধান অনুযায়ী খবর সংগ্রহের অধিকার ভোগ করেন। কিন্তু এই অধিকার কাউকে আইন বা পুলিশের নির্দেশ অমান্য করার ছাড়পত্র দেয় না। সাংবাদিকতা এবং কনটেন্ট তৈরির মধ্যে পার্থক্য করতে সংশ্লিষ্ট ব্যক্তির কাজের মূল উদ্দেশ্য খতিয়ে দেখার আর্জি জানিয়েছে দিল্লি পুলিশ।
