রাজ্যজুড়ে বড় রদবদল: ৫০ থানার আইসি পদে নতুন নিয়োগ নবান্নের

রাজ্য পুলিশের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল নবান্ন। একযোগে রাজ্যের ৫০টি থানার আইসি বা ইনস্পেক্টর ইনচার্জ পদে রদবদল করা হয়েছে। বাগুইহাটি, রানাঘাট, কোচবিহার কোতোয়ালি, বসিরহাট, বালুরঘাট ও ইসলামপুরের মতো গুরুত্বপূর্ণ থানাগুলিতে নতুন আইসি নিয়োগ করা হয়েছে। নির্দেশ পাওয়ার পরই সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত নতুন দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই রদবদলের তালিকায় বেশ কয়েকজন আধিকারিককে থানা থেকে সরিয়ে এসটিএফ, সিআইডি এবং ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে। আবার এসটিএফ ও সিআইডিতে কর্মরত বেশ কয়েকজন ইনস্পেক্টরকে থানার দায়িত্ব দেওয়া হয়েছে। বাগুইহাটির নতুন আইসি হয়েছেন কাজল বন্দ্যোপাধ্যায়, রানাঘাট থানার দায়িত্ব পেয়েছেন দেবাশীষ সরকার এবং হরিণঘাটা থানার নতুন আইসি হয়েছেন প্রসেনজিৎ দত্ত। এছাড়া কোচবিহার কোতোয়ালি থানায় সুখময় চক্রবর্তী, ইসলামপুর থানায় প্রসেনজিৎ বিশ্বাস এবং বালুরঘাট থানায় শুভ্র দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের বিভিন্ন থানাতেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। মিরিকের নতুন আইসি হয়েছেন ভূষণ ছেত্রী এবং নয়ন চক্রবর্তীকে মিরিক থেকে বসিরহাট থানায় বদলি করা হয়েছে। রায়গঞ্জের আইসি অমিতাভ দাসকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে এবং রঘুনাথপুর থানার আইসি অতনু সাঁতরাকে এসটিএফে পাঠানো হয়েছে। আসানসোল দক্ষিণ ও কুলটি থানাতেও নতুন আইসি নিয়োগ করা হয়েছে। রাজ্য পুলিশের এই নির্দেশিকা ডিআইজি, আইজি ও পুলিশ সুপারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপক রদবদলকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের অন্দরে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।
