রাজ্যের ৩১৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন চালুর সিদ্ধান্ত

রাজ্যের ৩১৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন চালুর সিদ্ধান্ত

রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে স্কুলশিক্ষা দফতর। বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের ৩১৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির পঠনপাঠন শুরু হবে। শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন, ২০০৯-এর সঙ্গে সামঞ্জস্য রেখেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন যে সমস্ত বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনার সুযোগ ছিল, এখন থেকে সেখানে পঞ্চম শ্রেণির পড়ুয়ারাও শিক্ষালাভ করতে পারবে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, কলকাতা প্রাথমিক বিদ্যালয় সংসদ এবং শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদকে প্রয়োজনীয় প্রশাসনিক ও পরিকাঠামোগত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলশিক্ষা দফতরের বিশেষ সচিব চন্দ্রনাথ রায়চৌধুরীর জারি করা এই নির্দেশিকার প্রতিলিপি স্কুলশিক্ষা কমিশনার, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং সমস্ত জেলার বিদ্যালয় পরিদর্শকদের কাছে পাঠানো হয়েছে। নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই যাতে এই প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে কর্তৃপক্ষকে সক্রিয় হতে বলা হয়েছে।

শিক্ষামহলের মতে, এই সিদ্ধান্তের ফলে প্রাথমিক স্তরে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে। বিশেষ করে, সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির পড়ুয়াদের পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য অন্য কোনো স্কুলের ওপর নির্ভরতা অনেকটাই কমবে। তবে নতুন এই ব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষক, শ্রেণিকক্ষ এবং অন্যান্য পরিকাঠামোগত প্রস্তুতি কতটা দ্রুত সম্পন্ন হয়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *