আসন্ন বিধানসভা নির্বাচন: প্রার্থী তালিকা চূড়ান্তের পথে সিপিএম, গুরুত্ব পাচ্ছে নতুন মুখ

আসন্ন বিধানসভা নির্বাচন: প্রার্থী তালিকা চূড়ান্তের পথে সিপিএম, গুরুত্ব পাচ্ছে নতুন মুখ

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়ায় ব্যস্ত সিপিএম। দলীয় সূত্রে খবর, প্রায় ২০০টিরও বেশি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। আগামী সোমবার বা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হতে পারে। এবারের নির্বাচনে নতুন মুখকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দল। জানা গেছে, মোট প্রার্থীর ৬০ থেকে ৭০ শতাংশই হতে পারেন যুব প্রজন্মের প্রতিনিধি, বাকি ৩০ থেকে ৪০ শতাংশ আসনে অভিজ্ঞ প্রবীণ নেতাদের ওপর ভরসা রাখা হচ্ছে।

প্রার্থী তালিকা নিয়ে জল্পনার মধ্যেই বেশ কিছু নাম উঠে আসছে। উত্তরপাড়া কেন্দ্র থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম শোনা যাচ্ছে। যাদবপুর কেন্দ্রে সুজন চক্রবর্তী অথবা সৃজন ভট্টাচার্যের নাম নিয়ে আলোচনা চললেও, সৃজন নির্বাচনে দাঁড়াতে আগ্রহী নন বলে খবর। এছাড়া বালি কেন্দ্র থেকে দীপ্সিতা ধর, রাজারহাট-নিউ টাউন থেকে সপ্তর্ষি দেব এবং পলাশ দাশ ও আভাস রায়চৌধুরীর নামও সম্ভাব্য তালিকায় রয়েছে। তবে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কোনো নির্দিষ্ট কেন্দ্রে প্রার্থী না হয়ে রাজ্যজুড়ে প্রচারের দায়িত্ব সামলাবেন।

নির্বাচনী জোটের সমীকরণ এবার বেশ জটিল। আইএসএফের সঙ্গে জোটের সম্ভাবনা থাকলেও কংগ্রেস একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে। বিগত কয়েক বছরে বামেদের ভোট শতাংশের নিম্নমুখী প্রবণতা এবং বর্তমানে বিধানসভা ও লোকসভায় দলের প্রতিনিধিত্ব না থাকা রাজনৈতিক মহলে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এখন আলিমুদ্দিন স্ট্রিটের চূড়ান্ত প্রার্থী তালিকার দিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *