সপ্তম বেতন কমিশনের প্রস্তুতি: রাজ্যের মাদ্রাসা কর্মীদের তথ্য তলব করল নবান্ন

রাজ্যের সমস্ত সরকার-পোষিত মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের তথ্য তলব করল নবান্ন। সপ্তম বেতন কমিশনের কাজের জন্য প্রয়োজনীয় তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর এই নির্দেশিকা জারি করেছে। গত ৩০ সেপ্টেম্বর প্রকাশিত নির্দেশিকার ভিত্তিতেই এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
নির্দেশ অনুযায়ী, প্রতিটি জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআই-কে তাঁদের অধীনস্থ মাদ্রাসাগুলির কর্মীদের যাবতীয় তথ্য সংগ্রহ করতে হবে। দফতরের নির্ধারিত এক্সেল ফরম্যাটে এই তথ্য পূরণ করে আগামী ২৭ নভেম্বর, ২০২৬-এর মধ্যে জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তথ্য সংগ্রহের এই প্রক্রিয়াটি যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকেও যুক্ত করা হয়েছে।
প্রতিটি জেলার অতিরিক্ত জেলাশাসক (সংখ্যালঘু) এবং জেলা সংখ্যালঘু বিষয়ক আধিকারিকদের সংশ্লিষ্ট ডিআই-দের সঙ্গে সমন্বয় রেখে কাজের অগ্রগতি তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠনের পর বিভিন্ন সরকারি ও সরকার-পোষিত প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো পর্যালোচনার যে প্রক্রিয়া চলছে, তার অংশ হিসেবেই এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী মাদ্রাসার কর্মীরা কবে থেকে নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট ঘোষণা করা হয়নি।
