দক্ষিণ মুম্বইয়ের ভেন্ডি বাজারে দাউদ ইব্রাহিমের স্মৃতিবিজড়িত ভবন ভাঙার তোড়জোড়

দক্ষিণ মুম্বইয়ের ভেন্ডি বাজার এলাকার পাকমোড়িয়া স্ট্রিটে অবস্থিত ঐতিহাসিক ‘হজী ইসমাইল হাজী হাবিব মুসাফিরখানা’ ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তা সম্প্রসারণ এবং ভবনটি বিপজ্জনক হওয়ার কারণ দেখিয়ে এই পদক্ষেপ করা হলেও, মালিকানা ও প্রার্থনাস্থল নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। ১৯৩৯ সালে হজযাত্রীদের আশ্রয়ের জন্য নির্মিত এই ভবনটি পরবর্তীকালে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের প্রধান কার্যালয় হিসেবে পরিচিতি পায়। তদন্তকারী সংস্থার নথিতে উল্লেখ রয়েছে যে, দাউদ ইব্রাহিম ও তাঁর পরিবার এখানে বসবাস করতেন এবং অপরাধমূলক কর্মকাণ্ডের ব্লু-প্রিন্ট তৈরিতে এই ভবনটি ব্যবহৃত হতো।
১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের পর মহারাষ্ট্র সরকার ভবনটির দাউদ পরিবারের দখলে থাকা অংশ বাজেয়াপ্ত করে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৮ সালে সুপ্রিম কোর্ট দাউদের পরিবারের আবেদন খারিজ করে দেয়। ২০১৫ সালে ‘হজী ইসমাইল হাজী হাবিব মুসাফিরখানা ট্রাস্ট’ ভবনটি ‘সাইফি বুরহানি আপলিফটমেন্ট ট্রাস্ট’-এর কাছে বিক্রি করে। বম্বে হাইকোর্ট ২০২০ সালে ভবনটিকে অতি বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে ভাঙার অনুমতি প্রদান করে।
সম্প্রতি বিএমসি নতুন করে ভাঙার নোটিশ জারি করলে স্থানীয় বাসিন্দা ও মহারাষ্ট্র ওয়াকফ বোর্ডের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাদের দাবি, ভবনের নিচের তলার অংশটি একটি পুরনো মসজিদ এবং ওয়াকফ সম্পত্তি। যদিও ওয়াকফ ট্রাইব্যুনাল এর আগে এটিকে ওয়াকফ সম্পত্তি নয় বলে রায় দিয়েছিল। বর্তমানে এই আইনি বিরোধের জেরে ভবনটি ভাঙার প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।
