ডায়মন্ড হারবারের বিধায়ক শামিম আহমেদের বাড়িতে সিআইডির হানা

ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বাড়িতে গভীর রাতে তল্লাশি অভিযান চালাল সিআইডি। তদন্তকারী দলের সদস্যরা বিধায়কের বাড়ির দরজায় গিয়ে বারবার ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনো সাড়া মেলেনি। পরিবারের পক্ষ থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, পুলিশ আধিকারিকরা দরজা খোলার জন্য অনুরোধ করছেন। তবে সেই সময় বিধায়ক বাড়িতে ছিলেন না বলেই জানা গিয়েছে।
গত বছরের আগস্ট মাসে ডায়মন্ড হারবারে এক মহিলার প্রায় ১.৮৫ একর জমি জোর করে দখল করার অভিযোগে এই তদন্ত শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে ওই জমির মালিকানা বদল করানো হয়েছিল এবং এই ঘটনায় অভিযুক্তদের তালিকায় বিধায়কের নাম রয়েছে। স্থানীয় পুলিশ আগে কোনো পদক্ষেপ না করায় বর্তমানে সিআইডি এই মামলার তদন্তভার গ্রহণ করেছে।
এর আগে সরিষায় তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধারের ঘটনায় বিধায়কের নাম জড়িয়েছিল। যদিও সেই ঘটনায় নিজের কোনো যোগ নেই বলে দাবি করেছিলেন তিনি। বর্তমান অভিযান নিয়ে বিধায়কের পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তার বাবা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন বলে জানা গিয়েছে।
তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়ের দাবি, বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পর থেকেই তাঁকে নিশানা করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা ও চাপানউতর।
