হিমাচলে গভীর খাদে গাড়ি, জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে মৃত ৬ কিশোর ও যুবক

হিমাচলপ্রদেশের জোগিন্দরনগরের লাদভরোল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। তীব্র ঠান্ডা ও কুয়াশার কারণে সারারাত গাড়িটি খাদেই পড়ে ছিল। বুধবার দুপুরে স্থানীয়রা প্রথম বিষয়টি লক্ষ্য করেন এবং পুলিশকে খবর দেন।
দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। মৃতরা হলেন আয়ুষ (২১), অনুজ (১৮), যশ (১৪), পঙ্কজ কুমার (১৭), অর্ণব ঠাকুর (১৫) এবং আদিত্য (১৭)। তাঁরা প্রত্যেকেই স্থানীয় বিভিন্ন গ্রামের বাসিন্দা ছিলেন। ঘটনার রাতে কেউ খোঁজ না পাওয়ায় এবং তীব্র ঠান্ডার কারণে আহতরা কোনো চিকিৎসা পাওয়ার সুযোগ পাননি, ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
স্থানীয়দের সহায়তায় পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলিকে সব ধরনের প্রশাসনিক সহায়তার নির্দেশ দিয়েছেন।
