শীতের মরসুমে গিজার কেনার আগে যে ৫টি বিষয় মাথায় রাখা জরুরি

শীতকালে গিজার কেনার আগে পরিবারের সদস্য সংখ্যা এবং গরম জলের চাহিদার কথা মাথায় রাখা প্রয়োজন। ছোট পরিবারের ক্ষেত্রে ইনস্ট্যান্ট গিজার দ্রুত জল গরম করার জন্য উপযোগী। অন্যদিকে, বড় পরিবারের নিয়মিত বেশি জলের প্রয়োজন হলে স্টোরেজ গিজার কেনাই সুবিধাজনক। তবে প্রয়োজনের তুলনায় বড় ট্যাঙ্কের গিজার কিনলে বিদ্যুৎ খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে।
গিজারের সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেনার সময় ক্যাপিলারি থার্মোস্ট্যাট, অটোমেটিক থার্মাল কাট-অফ এবং প্রেসার রিলিজ ভালভ রয়েছে কি না তা নিশ্চিত করুন। এই ফিচারগুলি অতিরিক্ত তাপ বা চাপ থেকে দুর্ঘটনা রোধ করতে সাহায্য করে। এছাড়া জলের গুণমান অনুযায়ী অ্যান্টি-স্কেল প্রযুক্তি ও সুরক্ষামূলক কোটিংযুক্ত ট্যাঙ্ক বেছে নেওয়া ভালো। বহুতল ভবনের ক্ষেত্রে উচ্চ চাপ সহ্য করতে সক্ষম গিজার কেনা জরুরি।
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ৫-স্টার রেটিং ও ভালো ইনসুলেশনযুক্ত গিজার নির্বাচন করা বুদ্ধিমানের কাজ। এতে জল দীর্ঘক্ষণ গরম থাকে এবং বারবার গরম করার প্রয়োজন হয় না। কেনার সময় ট্যাঙ্ক ও হিটিং এলিমেন্টের ওয়ারেন্টি যাচাই করে নেওয়া প্রয়োজন। বর্তমানে বাজারে স্মার্ট গিজারও পাওয়া যায়, যা ওয়াই-ফাই, মোবাইল অ্যাপ বা ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব।
