জল ও পরিবেশ রক্ষায় বিশেষ সম্মান পেলেন পূর্ব ভারতের চার জলযোদ্ধা ও সংগঠন

জল ও পরিবেশ রক্ষায় বিশেষ সম্মান পেলেন পূর্ব ভারতের চার জলযোদ্ধা ও সংগঠন

পূর্ব ভারতের জল ও পরিবেশ রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চার ব্যক্তি ও সংগঠনকে ‘ইলেকট্রোস্টিল জল সেবক সম্মান ২০২৬’ প্রদান করা হয়েছে। কলকাতায় ভারত চেম্বার অফ কমার্সের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ‘ফ্লোয়িং টুগেদার, গ্রোয়িং টুগেদার’ থিমের মাধ্যমে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওডিশার জলযোদ্ধাদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে ভারতীয় বিমানবাহিনীর প্রাক্তন প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া এবং জিআরএসই-র চেয়ারম্যান পিআর হরি উপস্থিত ছিলেন।

ব্যক্তিগত বিভাগে বিহারের সঞ্জয় সজ্জন সিংহ রামরেখা নদী পুনরুজ্জীবিত করে ৭০টি গ্রামে সেচের জল পৌঁছে দেওয়ার জন্য এই সম্মান পেয়েছেন। সংগঠন বিভাগে সুন্দরবনের ঝড়খালি সবুজ বাহিনী ম্যানগ্রোভ রোপণ ও জল সংরক্ষণের মাধ্যমে উপকূলীয় সুরক্ষা নিশ্চিত করছে। চারশোর বেশি মহিলার নেতৃত্বে দীর্ঘ নয় বছর ধরে এই উদ্যোগটি স্থানীয়দের অংশগ্রহণে পরিচালিত হচ্ছে।

ঝাড়খণ্ডের জন জাগরণ কেন্দ্র জলাধার ও চেক ড্যাম তৈরির মাধ্যমে প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা পৌঁছে দিয়েছে। এছাড়া ওডিশার সেওয়াক সংস্থা সুন্দরগড়ের তিনটি ব্লকে জল সংরক্ষণ ও ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধির পাশাপাশি কৃষকদের স্বনির্ভর করার কাজ করছে। স্থানীয় মানুষের অংশগ্রহণ ও বিজ্ঞানভিত্তিক নজরদারির মাধ্যমে এই উদ্যোগগুলি অনুর্বর জমিকে চাষযোগ্য করে তোলার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এনেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *