প্রয়াত মালদহের বর্ষীয়ান রাজনীতিক আবু নাসের খান চৌধুরী

মালদহের বর্ষীয়ান রাজনীতিক তথা প্রয়াত এবিএ গনি খান চৌধুরীর ভাই আবু নাসের খান চৌধুরী বৃহস্পতিবার সকালে নিউটাউনের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ৯২ বছর বয়সী এই নেতা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। রাজনীতিতে ‘লেবুবাবু’ নামেই তিনি সমধিক পরিচিত ছিলেন। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ধারায় কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আবু নাসের। ২০০৯ সালে সুজাপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে তিনি প্রথমবার বিধায়ক হন। ২০১১ সালের বিধানসভা নির্বাচনেও তিনি একই কেন্দ্র থেকে জয়ী হন। তবে পরবর্তী সময়ে কংগ্রেসের সঙ্গে মতপার্থক্যের জেরে ২০১৫ সালে তিনি তৃণমূলে যোগ দেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি পরাজিত হন। এরপর থেকেই তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যান।
শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী আবু নাসের ১৯৫৬ সালে স্নাতক হওয়ার পর বিদেশে পাড়ি দেন। ১৯৬৫ সালে লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৭৬ সালে লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে এমফিল সম্পন্ন করেন। ১৯৮৬ সালে জুরিখ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। তাঁর মরদেহ মালদহের কোতোয়ালির বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে পারিবারিক কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোকপ্রকাশ করেছেন।
