মন্ত্রীদের সঞ্চয়ী ও সংযমী হওয়ার বার্তা প্রধানমন্ত্রীর, গুরুত্ব মাদক নির্মূলে

নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত কেন্দ্রীয় মন্ত্রিসভার এক দীর্ঘ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রীদের ভারতীয় সংস্কৃতি মেনে সঞ্চয়ী ও সংযমী হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, ভারতীয় সংস্কৃতি কেবল ভোগবিলাসে বিশ্বাসী নয়। প্রধানমন্ত্রী জানান, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে নিয়ে এসেছে। এই সাফল্যকে জাতীয় উদযাপনের যোগ্য বলে অভিহিত করলেও, দারিদ্র্য থেকে বেরিয়ে আসা মানুষ যাতে পুনরায় অভাবের গহ্বরে ফিরে না যায়, তা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও মাদক সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি মাদক সমস্যা নির্মূলে সরকারের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান। নকশালবাদ দমনের উদাহরণ টেনে তিনি বলেন, একইভাবে মাদক সমস্যাকেও জয় করা সম্ভব। সরকারি আমলা ও মন্ত্রীদের আত্মতুষ্টিতে না ভুগে নিরন্তর কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী ২০১৪ সালে সংসদের সেন্ট্রাল হলে দেওয়া তাঁর প্রথম ভাষণের কথা স্মরণ করিয়ে দেন, যেখানে তিনি তাঁর সরকারকে গরিবের প্রতি নিবেদিত বলে ঘোষণা করেছিলেন। সেই সময় থেকেই সরকারের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করেছে বলে তিনি জানান। সাড়ে তিন ঘণ্টার এই বৈঠকে সরকারি প্রকল্পের অগ্রগতি এবং সেপ্টেম্বরের ‘চিন্তন বৈঠক’-এ নির্ধারিত লক্ষ্যমাত্রাগুলোর বাস্তবায়ন নিয়েও পর্যালোচনা করা হয়েছে।
