পুরুলিয়ার উন্নয়নে একাধিক প্রতিশ্রুতির পাশাপাশি ধর্মান্তরকরণ নিয়ে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

পুরুলিয়ার উন্নয়নে একাধিক প্রতিশ্রুতির পাশাপাশি ধর্মান্তরকরণ নিয়ে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে আয়োজিত বিজেপির বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জেলার সার্বিক উন্নয়নের একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি অভিযোগ করেন যে, বিগত ৫০ বছর ধরে পুরুলিয়া বঞ্চনার শিকার হয়েছে। এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে তিনি লোধা-শবরদের জন্য স্কুল, আদিবাসীদের জন্য নতুন বিশ্ববিদ্যালয় এবং আগামী তিন বছরের মধ্যে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরির ঘোষণা করেন। এছাড়া পুরুলিয়ায় বিমান পরিষেবা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। জেলার খনিজ সম্পদ উত্তোলনে অস্ট্রেলিয়ার প্রযুক্তিগত সহায়তার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

ধর্মান্তরকরণের বিষয়ে শমীক ভট্টাচার্য স্পষ্ট বার্তা দিয়ে বলেন, বিজেপির লড়াই কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয়, তবে পুরুলিয়া ও বাঁকুড়ায় ব্যাপক হারে চলা ধর্মান্তকরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পাশাপাশি, দলীয় কর্মীদের দুর্নীতির বিষয়ে সতর্ক করে তিনি জানান, শিল্পী ভাতার নামে টাকা তোলার মতো কোনো বিচ্যুতি নজরে এলে তা অবিলম্বে নেতৃত্বকে জানাতে হবে। সীমান্তবর্তী এলাকায় জাল আধার ও প্যান কার্ড তৈরির হাব গড়ে ওঠার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করে সতর্কবার্তা দিয়েছেন।

সমাবেশে উপস্থিত পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তৃণমূল আমলের এক প্রাক্তন পুলিশ কর্তার বিরুদ্ধে বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ তোলেন। তিনি ওই পুলিশ কর্তাকে কটাক্ষ করে দোষী পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবিতে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। তৃণমূল কংগ্রেস ও বামপন্থীদের তীব্র সমালোচনা করে শমীক ভট্টাচার্য রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *