নিরামিষের বদলে আমিষ বার্গার ডেলিভারি, বার্গার কিং ও সুইগিকে ৭২ হাজার টাকা জরিমানা

নিরামিষের বদলে আমিষ বার্গার ডেলিভারি, বার্গার কিং ও সুইগিকে ৭২ হাজার টাকা জরিমানা

নিরামিষ বার্গারের বদলে আমিষ বার্গার ডেলিভারি দেওয়ার অভিযোগে বার্গার কিং ইন্ডিয়া এবং সুইগিকে মোট ৭২ হাজার টাকা জরিমানা করল গুরুগ্রামের জেলা ক্রেতা সুরক্ষা কমিশন। ২০২১ সালের ২ এপ্রিল গুরুগ্রামের বাসিন্দা ভগবান দাস মঙ্গলা সুইগি অ্যাপের মাধ্যমে বার্গার কিং থেকে চারটি নিরামিষ বার্গার অর্ডার করেছিলেন। অভিযোগ, সেই বার্গার খেয়ে তাঁর দুই সন্তান অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করে। পরে প্যাকেট পরীক্ষা করে দেখা যায়, নিরামিষের পরিবর্তে আমিষ বার্গার পাঠানো হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, এই ঘটনায় তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে এবং পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। অভিযোগ জানানোর পর বার্গার কিংয়ের পক্ষ থেকে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও পরিবারটি ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হয়। মামলার শুনানিতে বিল, অ্যাপের চ্যাট এবং অন্যান্য নথিপত্র খতিয়ে দেখে কমিশন দুই সংস্থাকেই গাফিলতির জন্য দায়ী সাব্যস্ত করেছে।

কমিশনের বেঞ্চ মানসিক যন্ত্রণা ও হয়রানির জন্য ৫০ হাজার টাকা এবং মামলার খরচ বাবদ ২২ হাজার টাকা মিলিয়ে মোট ৭২ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে এই অর্থ পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা না দিলে বার্ষিক ১২ শতাংশ হারে সুদসহ পুরো টাকা মেটানোর নির্দেশ দিয়েছে ক্রেতা সুরক্ষা কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *