দাউদ ইব্রাহিমের পৈতৃক বাড়ি ভাঙার প্রক্রিয়ায় স্থগিতাদেশ বম্বে হাইকোর্টের

১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিমের পৈতৃক বাড়ি ভাঙার প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করল বম্বে হাইকোর্ট। দক্ষিণ মুম্বইয়ের ভিন্ডি বাজার এলাকায় অবস্থিত ‘হাজি ইসমাইল হাজি হবিব মুসাফিরখানা’ নামক ওই বাড়ি এবং সংলগ্ন একটি মসজিদ ভাঙার জন্য বৃহন্মুম্বই পুরসভা নোটিস জারি করেছিল। বৃহস্পতিবার সকালে বাড়ি ভাঙার কাজ শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই আদালতের এই নির্দেশ আসে।
প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠির নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, বাড়িটির সঙ্গে একটি মসজিদ যুক্ত থাকায় বিষয়টি আইনি জটিলতার মধ্যে রয়েছে। এই সংক্রান্ত বিতর্কিত বিষয়টির জন্য যথাযথ শুনানির প্রয়োজন রয়েছে বলে আদালত মনে করছে। সেই কারণেই আগামী ২৫ নভেম্বর পর্যন্ত বাড়ি ভাঙার পুরো প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পুরসভার পক্ষ থেকে বাড়িটি বিপজ্জনক ঘোষণা করে তা ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আদালতের এই নির্দেশের ফলে আপাতত বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখা হয়েছে। আগামী শুনানির দিন এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
