মহাকাশে মানুষের সাহায্য ছাড়াই অ্যান্টেনার অংশ তৈরি করল রোবট, নজির গড়ল নাসা

মহাকাশ গবেষণায় এক নতুন মাইলফলক স্পর্শ করলেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা। কোনো নভশ্চরের সাহায্য ছাড়াই মহাকাশে রিফ্লেক্টর অ্যান্টেনার একটি অংশ সফলভাবে তৈরি করেছে ‘অ্যাস্ট্রা’ নামের একটি রোবট। গত ৩০ মার্চ স্পেস এক্সের মিশনে পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানো হয় এই রোবটটিকে। মহাকাশ অভিযানের ইতিহাসে কোনো রোবটের নিজে থেকে কাঠামো তৈরির ঘটনা এটিই প্রথম।
এই গবেষণায় অর্থায়ন করেছে আমেরিকার প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডার্পা। রোবটটিকে পৃথিবী থেকে নির্দিষ্ট ইনপুট পাঠিয়ে নিয়ন্ত্রণ করা হতো। তবে যোগাযোগ ব্যবস্থা ছিল বেশ চ্যালেঞ্জিং। দিনে মাত্র সাত-আট বার এবং প্রতিবার সর্বোচ্চ ১৫ মিনিটের জন্য রোবটটির সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হতো। পৃথিবীতে থাকা অনুরূপ একটি রোবটের মাধ্যমে মহাকাশে থাকা রোবটটির সমস্যা সমাধান করা হতো।
গবেষকদের লক্ষ্য ছিল হালকা টিউব ও অ্যালুমিনিয়াম ব্যবহার করে ১.৪ মিটার চওড়া একটি অ্যান্টেনা তৈরি করা। যদিও পুরো কাজ শেষ হয়নি, তবুও এই সাফল্য মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলে দিয়েছে। ভবিষ্যতে বড় আকারের যন্ত্রপাতি মহাকাশে পাঠানোর ক্ষেত্রে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর হতে পারে। রকেটে জায়গা বাঁচানোর জন্য যন্ত্রাংশ ভাঁজ করে নিয়ে গিয়ে মহাকাশে রোবটের মাধ্যমে তা জোড়া দেওয়ার এই পদ্ধতি আগামী দিনের মহাকাশ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
