ফের পিছোল ইসরোর গগনযান উৎক্ষেপণ, ২০২৭ সালের আগে নয় মহাকাশ যাত্রা

ফের পিছোল ইসরোর গগনযান উৎক্ষেপণ, ২০২৭ সালের আগে নয় মহাকাশ যাত্রা

ভারতের প্রথম মানববাহী মহাকাশ অভিযান গগনযানের উৎক্ষেপণ ফের পিছিয়ে দেওয়া হয়েছে। ইসরোর উচ্চপদস্থ আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারির আগে এই মহাকাশযান উৎক্ষেপণের সম্ভাবনা নেই। মূলত প্রযুক্তিগত খুঁটিনাটি যাচাই, অতিরিক্ত সিমুলেশন এবং নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষার কারণেই এই বিলম্বের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহাকাশচারীদের জীবনের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কোনো ঝুঁকি নিতে নারাজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

গগনযান প্রকল্পের প্রায় ৮০ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে মহাকাশযান এবং উৎক্ষেপণযানকে চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনও বাকি রয়েছে। এই অভিযানের প্রথম মানববিহীন পর্যায় বা জি-১ মিশনে ইসরোর তৈরি অর্ধমানবাকৃতির রোবট ‘ব্যোমমিত্র’কে মহাকাশে পাঠানো হবে। এই অভিযানের মূল লক্ষ্য হলো মহাকাশযানের বিভিন্ন প্রযুক্তি ও ব্যবস্থার কার্যকারিতা নিখুঁতভাবে পরীক্ষা করা।

বিশেষ করে মানববাহী উৎক্ষেপণযান এইচএলভিএম৩, ক্রু মডিউল, জীবনধারণের সহায়ক প্রযুক্তি এবং পৃথিবীতে নিরাপদে ফিরে আসার ব্যবস্থাগুলি এই পর্যায়ে খতিয়ে দেখা হবে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, গগনযান অভিযানের জন্য ইতিমধ্যে প্রায় ৮ হাজার পরীক্ষা সম্পন্ন হয়েছে। সাধারণ উপগ্রহ উৎক্ষেপণের তুলনায় এই অভিযানের গুরুত্ব অনেক বেশি, কারণ ভবিষ্যতে এই মহাকাশযানেই মহাকাশচারীরা পাড়ি দেবেন। তাই প্রতিটি ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিশ্চিত করা ইসরোর কাছে এখন প্রধান অগ্রাধিকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *