পূর্ব বর্ধমানে মৃত সন্তান প্রসবের অভিযোগ, নার্সিংহোমের বিরুদ্ধে শুরু তদন্ত

পূর্ব বর্ধমানের জামালপুরের কালাড়াঘাট এলাকার ‘লাইফ কেয়ার’ নামক একটি নার্সিংহোমে মৃত সন্তান প্রসবের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হুগলির ধনিয়াখালির বাসিন্দা তাপস রায় তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে গত ১ অক্টোবর ওই নার্সিংহোমে ভর্তি করান। অভিযোগ, নির্ধারিত সময়ে সিজ়ারিয়ান ডেলিভারি না করায় এবং চিকিৎসায় গাফিলতির কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে সরব হয়েছেন শিশুর বাবা।
ভুক্তভোগী পরিবার জামালপুর থানায় অভিযোগ জানানোর পাশাপাশি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের দ্বারস্থ হয়েছে। কমিশনের নির্দেশে জেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। স্বাস্থ্য দফতরের নির্দেশে ব্লক স্বাস্থ্য আধিকারিক নার্সিংহোম থেকে চিকিৎসার যাবতীয় নথি সংগ্রহ করেছেন। এছাড়া সমাজকল্যাণ দফতরের প্রতিনিধিরা অভিযোগকারীর পরিবারের বয়ান রেকর্ড করেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
নার্সিংহোমটির বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল। ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট সংক্রান্ত নিয়ম না মানার অভিযোগে অতীতেও এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। যদিও বর্তমান শিশুমৃত্যুর ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে। স্বাস্থ্য দফতরের তদন্ত রিপোর্ট এবং সমাজকল্যাণ দফতরের সংগৃহীত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।
