রাতে দেরিতে খাওয়ার অভ্যাস শরীরের যে ৫টি বড় ক্ষতি করে

রাতে দেরি করে খাওয়ার অভ্যাস শরীরের হজমশক্তি, ঘুম, ওজন এবং হৃদযন্ত্রের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাতে দেরি করে খাবার খেলে হজমতন্ত্রের ওপর বাড়তি চাপ পড়ে। রাতের বেলা শরীর বিশ্রামের জন্য তৈরি হয়, তাই এই সময়ে ভারী খাবার খেলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। এর ফলে গ্যাস, অম্বল, পেট ফাঁপা এবং বদহজমের মতো সমস্যা নিত্যসঙ্গী হয়ে ওঠে।
অনেকেই রাত করে খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়েন, ফলে খাবার থেকে পাওয়া ক্যালোরি ঝরানোর সুযোগ শরীর পায় না। এই বাড়তি ক্যালোরি মেদ হিসেবে শরীরে জমে ওজন বাড়িয়ে দেয়। এছাড়া দেরিতে খেলে খাবার হজম করার জন্য পরিপাকতন্ত্রকে দীর্ঘক্ষণ সক্রিয় থাকতে হয়, যা ঘুমের ব্যাঘাত ঘটায়। গভীর ঘুম না হওয়ায় পরের দিন ক্লান্তি এবং কাজে মনোযোগের অভাব দেখা দেয়।
রাতে দেরিতে খাবার খেলে ইনসুলিনের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হতে পারে, যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করে। পাশাপাশি নিয়মিত এই অভ্যাসে শরীরে ট্রাইগ্লিসারাইড ও ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বেড়ে হৃদরোগের আশঙ্কা তৈরি হয়। সুস্থ থাকতে ঘুমাতে যাওয়ার অন্তত ২ থেকে ৩ ঘণ্টা আগে রাতের খাবার সেরে নেওয়া উচিত। রাতের খাবার হালকা ও সুষম হওয়া প্রয়োজন এবং খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাচলা করা স্বাস্থ্যের জন্য উপকারী।
