ট্রেলারের আগেই চমক, সঞ্জয় লীলা ভন্সালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রচার কৌশলে নতুন পরিকল্পনা

সঞ্জয় লীলা ভন্সালীর পরবর্তী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ২০২৭ সালের ২১ জানুয়ারি মুক্তি পেতে চলা এই রোমান্টিক ড্রামা ঘরানার ছবিটিতে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল। ছবির প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের নজর এখন প্রচারের পরবর্তী ধাপের দিকে। জানা গিয়েছে, ট্রেলার প্রকাশের আগেই ছবির একটি গান মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন পরিচালক।
ভন্সালীর কাজের অন্যতম প্রধান শক্তি হলো তার ছবির সংগীত। প্রচারের ক্ষেত্রে ট্রেলারের আগে গান প্রকাশ করার কৌশলটি তার কাছে নতুন নয়। এর আগে ‘বাজিরাও মস্তানি’ এবং নেটফ্লিক্স সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এর ক্ষেত্রেও তিনি একই পদ্ধতি অনুসরণ করেছিলেন। দর্শকদের ছবির গল্প ও চরিত্রগুলোর সঙ্গে পরিচিত করার আগেই গানের মাধ্যমে তাদের আকৃষ্ট করাই এই কৌশলের মূল উদ্দেশ্য।
যুদ্ধের পটভূমিতে নির্মিত এই ত্রিকোণ প্রেমের গল্পে রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে ভন্সালীর কাজের অভিজ্ঞতা থাকলেও, ভিকি কৌশলের সঙ্গে এটিই তার প্রথম কাজ। ‘সাওয়ারিয়া’ ছবির পর রণবীরের সঙ্গে এবং ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-র পর আলিয়ার সঙ্গে ফের কাজ করছেন পরিচালক। এখন ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম গানটি কবে প্রকাশ্যে আসে, সেদিকেই তাকিয়ে রয়েছেন অনুরাগীরা।
