ভারত-জাপান প্রতিরক্ষা সম্পর্কে নতুন অধ্যায়: মুম্বইতে নেভাল কম্যান্ড পরিদর্শনে জাপানের প্রতিরক্ষামন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ
দ্বিপাক্ষিক কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্ককে আরও সুদৃঢ় করতে দু’দিনের সফরে ভারতে এসেছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি। দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম ভারত সফরে মুম্বই পৌঁছেই তিনি স্পষ্ট বার্তা দেন—দুই দেশের মধ্যে সমুদ্র-নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করাই তাঁর এই সফরের মূল লক্ষ্য।
মুম্বই পৌঁছানোর পর ওয়েস্টার্ন নেভাল কম্যান্ডে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেখানে নেভাল ডকইয়ার্ডের ‘গৌরব স্তম্ভে’ শ্রদ্ধা জানান তিনি। ভারতের নৌ-সামর্থ্য প্রত্যক্ষ করতে তিনি দেশের সর্বাধুনিক স্টিলথ ডেস্ট্রয়ার ‘আইএনএস চেন্নাই’ ঘুরে দেখেন। এরপর তিনি ভারতীয় নৌসেনা প্রধান অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন এবং ওয়েস্টার্ন নেভাল কম্যান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ, ভাইস অ্যাডমিরাল সঞ্জয় মহাজন ভৎসায়নের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। এই বৈঠকে ভারতীয় নৌসেনার কৌশলগত ও অপারেশনাল সক্ষমতা তুলে ধরা হয়। ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কেইচি ওনো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এই আলোচনা সামুদ্রিক সহযোগিতাকে এগিয়ে নিতে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।
মুম্বই সফর শেষে তিনি নয়াদিল্লিতে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, মুক্ত ও স্থিতিশীল ইন্দো-প্যাসিফিক গড়ে তোলা এবং ‘মেক-ইন-ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়গুলি এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে। সম্প্রতি জাপান তাদের প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর নীতি সংশোধন করায় এই বৈঠক বিশেষ তাৎপর্য বহন করছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারত সফর করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেই বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা এবং পরিবেশবান্ধব শক্তি খাতে ১০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগের সমঝোতা হয়। বর্তমান বিশ্ব রাজনীতির নিরিখে ভারত ও জাপানের এই ক্রমবর্ধমান অংশীদারিত্ব আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
