ধাপে ধাপে স্বাভাবিক হচ্ছে এসআরএফটিআই, ১১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ হস্টেল

ধাপে ধাপে স্বাভাবিক হচ্ছে এসআরএফটিআই, ১১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ হস্টেল

দীর্ঘদিন পঠনপাঠন স্থগিত থাকার পর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই) ধাপে ধাপে স্বাভাবিক ছন্দে ফিরছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পড়ুয়ারা এখন থেকে বকেয়া প্রোডাকশনের কাজ শুরু করতে পারবেন। তবে এর জন্য সংশ্লিষ্ট বিভাগগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে নিয়ম মেনে আবেদনপত্র জমা দিতে হবে। আউটডোর প্রোডাকশন ও প্রজেক্টের কাজ শুরুর অনুমতি মিললেও ক্যাম্পাসে এখনই নিয়মিত ক্লাস বা ওয়ার্কশপ চালু হচ্ছে না। আপাতত আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানের হস্টেল ও মেস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষাব্যবস্থা দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে কর্তৃপক্ষ। ফিল্ম উইংয়ের ১৭তম ও ১৮তম ব্যাচ এবং ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়া বিভাগের ৫ম ব্যাচের পড়ুয়াদের ২০২৭ সালের এপ্রিল মাসের মধ্যে সমস্ত অ্যাকাডেমিক রিকোয়ারমেন্টস বা বকেয়া কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, এই ব্যাচগুলির বহু পড়ুয়ার কোর্সওয়ার্ক এখনও আসাম্পূর্ণ রয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কাজ শেষ হলে যোগ্য পড়ুয়ারা ২০২৭ সালের মে মাসে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

বর্তমানে ক্ষতিগ্রস্ত ক্লাস ও সূচির বিষয়টি ডিনদের দফতর খতিয়ে দেখছে। ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তীতে নিয়মিত ক্লাস, ওয়ার্কশপ এবং হস্টেল ও মেস খোলার বিষয়ে পৃথকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। পড়ুয়াদের অবিলম্বে নিজ নিজ বিভাগের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। পঠনপাঠন স্বাভাবিক করার এই প্রক্রিয়াকে প্রতিষ্ঠানের তরফে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *