নোকিয়ার শেয়ার বিক্রি করে স্পেসএক্সে বিনিয়োগ বাড়াল এনভিডিয়া

ফিনল্যান্ডভিত্তিক টেলিকম সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়ায় নিজেদের মালিকানাধীন শেয়ারের অর্ধেকেরও বেশি বিক্রি করে দিয়েছে চিপ নির্মাতা সংস্থা এনভিডিয়া। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাম্প্রতিক নথি অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এনভিডিয়া নোকিয়ার ৯ কোটি ৩৫ লাখ ৩০ হাজার শেয়ার বিক্রি করেছে। গত বছর কৃত্রিম মেধা নেটওয়ার্কিং উন্নয়নের লক্ষ্যে ১০০ কোটি ডলারের কৌশলগত বিনিয়োগের অংশ হিসেবে নোকিয়ার ২.৯ শতাংশ মালিকানা অর্জন করেছিল এনভিডিয়া।
শেয়ারের পরিমাণ কমিয়ে দিলেও এআই রেডিয়ো অ্যাক্সেস নেটওয়ার্ক বা ‘এআই-র্যান’ সংক্রান্ত উদ্যোগে নোকিয়ার সঙ্গে এনভিডিয়ার অংশীদারি বজায় রয়েছে। বর্তমানে নোকিয়ায় এনভিডিয়ার হাতে প্রায় ৭ কোটি ৩০ লাখ শেয়ার অবশিষ্ট রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৭৩ কোটি ৮৮ লাখ ডলার। ৬জি প্রযুক্তির প্রস্তুতির লক্ষ্যে বিভিন্ন মোবাইল অপারেটরের সঙ্গে যৌথভাবে কাজ করছে এই দুই সংস্থা।
নোকিয়া ছাড়াও এনভিডিয়া তাদের বিনিয়োগ পোর্টফোলিওতে বড় ধরনের পরিবর্তন এনেছে। সংস্থাটি ইন্টেলের মালিকানার ২৫ শতাংশ এবং সিনপসিসের প্রায় ১০ শতাংশ শেয়ার কমিয়ে ফেলেছে। এর বিপরীতে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সে বিনিয়োগ বাড়িয়েছে এনভিডিয়া। নতুন করে ৭৭ লাখ শেয়ার কেনার ফলে স্পেসএক্সে তাদের মোট শেয়ারের সংখ্যা ১৩ কোটির বেশি হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৯৬৮ কোটি ডলার।
