ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটে ভাঙচুর নিয়ে সরব বিজেপি, অভিযোগ সাংস্কৃতিক ধ্বংসযজ্ঞের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটে ভাঙচুর নিয়ে সরব বিজেপি, অভিযোগ সাংস্কৃতিক ধ্বংসযজ্ঞের

বাংলাদেশের রাজশাহীতে অবস্থিত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটে ভাঙচুরের ঘটনায় সরব হয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি। পদ্ম শিবিরের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত সাংস্কৃতিক ধ্বংসযজ্ঞ। তাদের মতে, ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে ফুটে ওঠা দেশভাগ-পরবর্তী উদ্বাস্তু যন্ত্রণা ও শিকড়ের সন্ধানের আখ্যান তাঁর পূর্ববঙ্গীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই ঐতিহাসিক স্থাপত্যটি মুছে ফেলার চেষ্টা বাঙালি হিন্দু ঐতিহ্যকে আঘাত করার শামিল বলে মন্তব্য করেছে বিজেপি।

স্থানীয় সংস্কৃতিকর্মীদের অভিযোগ, ২০২৪ সাল থেকেই বাড়িটি নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে এবং গত ১৮ নভেম্বর সেখানে ফের হামলার ঘটনা ঘটে। যদিও বাংলাদেশে নিযুক্ত উপ-হাইকমিশনার মহম্মদ খালেদ এবং স্থানীয় কলেজ কর্তৃপক্ষের দাবি, নিয়মিত সাফাই ও গাছ কাটার সময় অসাবধানতাবশত পাঁচিল ভেঙে পড়েছে। তবে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির দাবি, জমিটি এখনও পরিচালকের মায়ের নামে নথিভুক্ত এবং কলেজ কর্তৃপক্ষ এর মালিকানা দাবি করতে পারে না।

১৯২৫ সালে ঢাকায় জন্ম হলেও শৈশবের অনেকটা সময় ঋত্বিক রাজশাহীর এই বাড়িতে কাটিয়েছিলেন। ২০১৭ সালে বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করে সেখানে ‘ঋত্বিক কেন্দ্র’ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল এবং গণপূর্ত দফতর থেকে অর্থ বরাদ্দ হলেও তা কার্যকর হয়নি। হাসিনা সরকারের পতনের পর অগস্ট মাসে বাড়িটির তিনটি ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে দুই বাংলার চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং ঐতিহাসিক এই স্থাপত্য সংরক্ষণের দাবি জোরালো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *