ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা, সতর্ক অবস্থানে ডোনাল্ড ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে ইজরায়েল ও আমেরিকার মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলছে। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দাবি, দুই দেশের সামরিক কর্মকর্তারা ইতিমধ্যেই অভিযানের পরিকল্পনা ভাগ করে নিয়েছেন এবং তা অনুমোদনও করা হয়েছে। এখন কেবল অভিযানের সময় নির্ধারণের অপেক্ষা রয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে চার থেকে সাত দিনের একটি মার্কিন-সমর্থিত বিমান অভিযানের জন্য চাপ দিচ্ছেন বলে জানা গেছে।
তবে এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ সতর্ক অবস্থান নিয়েছেন। এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ইরান প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি তাড়াহুড়ো করতে রাজি নন। নতুন বছর শুরু হওয়ার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, আমেরিকা সেদিকে নজর রাখবে। ইজরায়েলি গোয়েন্দা সংস্থাগুলির দাবি, ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুনর্গঠন করেছে এবং রাসায়নিক ও জৈব অস্ত্র কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। এই মূল্যায়ন বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট খতিয়ে দেখছেন।
এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া যুদ্ধের তীব্রতা নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে বাড়াচ্ছেন বলে অভিযোগ তুলেছেন তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরা। তাদের দাবি, দেশের অভ্যন্তরে নিজের দুর্বল রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতেই তিনি যুদ্ধের জিগির তুলছেন। যদিও নেতানিয়াহু এই সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। বর্তমানে দুই দেশের সামরিক পরিকল্পনার স্তরে আলোচনা চললেও চূড়ান্ত পদক্ষেপের বিষয়ে ট্রাম্পের সাবধানী মনোভাবই এখন আলোচনার কেন্দ্রে রয়েছে।
