আগরতলা পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীর একক লড়াই

আগরতলা পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনী লড়াই এবার বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এই ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পূরবী দেববর্মা। তিনি একসময় তিপ্রা মথা দলের সক্রিয় কর্মী ছিলেন, তবে দলের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তিনি এবার নির্বাচনী ময়দানে নেমেছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিজেপি প্রার্থী তথা বর্তমান কর্পোরেটর ভাস্বতী দেববর্মা। শাসক দলের সাংগঠনিক শক্তি ও হেভিওয়েট নেতাদের প্রচারের বিপরীতে পূরবী দেববর্মা কার্যত একাই নিজের প্রচার চালিয়ে যাচ্ছেন।
বড় কোনো প্রচার বাহিনী বা জাঁকজমকপূর্ণ ফেস্টুন ছাড়াই পূরবী দেববর্মা হাতে লিফলেট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও তিনি কৃষ্ণনগর বাটখারা অফিস সংলগ্ন এলাকায় জনসংযোগ চালিয়েছেন। সাধারণ মানুষের সমস্যার কথা শোনা এবং এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েই তিনি ভোট প্রার্থনা করছেন। নিজের জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী এবং ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে দাবি করেছেন।
উল্লেখ্য, ১৯ নম্বর ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা সাড়ে চার হাজারের কিছু বেশি, যার অধিকাংশই জনজাতি সম্প্রদায়ের। রাজনৈতিক মহলের একাংশের মতে, পূরবী দেববর্মার এই লড়াই কেবল একজন নির্দল প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং শাসক শিবিরের শক্তির বিরুদ্ধে এক প্রতিবাদী অবস্থান। বাঘ প্রতীক নিয়ে লড়ছেন পূরবী দেববর্মা। এখন দেখার বিষয়, শাসক দলের হেভিওয়েট প্রচারের বিপরীতে শেষ পর্যন্ত ভোটাররা কার দিকে ঝুঁকে পড়েন এবং নির্বাচনের ফলাফল কোন দিকে মোড় নেয়।
