অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরাকে কেন্দ্র করে গিরিশ পার্ক থানায় উত্তেজনা

পুলিশকে হুমকি দেওয়ার একটি মামলায় তলব পেয়ে আজ গিরিশ পার্ক থানায় হাজিরা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি থানায় পৌঁছানোর আগে থেকেই সেখানে দলীয় কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় থানায় প্রবেশের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, সেই সময় বিজেপি কর্মী-সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে তারা ‘চোর’ স্লোগান দিতে থাকেন। এর পাল্টা জবাব দিতে তৃণমূল কর্মী-সমর্থকরাও স্লোগান শুরু করলে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা তৈরি হয়। এক পর্যায়ে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়।
থানা চত্বরে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা তৎপর হন এবং দুই পক্ষকে শান্ত করার চেষ্টা চালান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরাকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ গিরিশ পার্ক থানা ও সংলগ্ন এলাকায় টানটান উত্তেজনা বজায় ছিল।
