পুলিশকে হুমকি মামলায় গিরিশ পার্ক থানায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় শুক্রবার গিরিশ পার্ক থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময় অনুযায়ী তিনি থানায় পৌঁছালে তদন্তকারীরা তাঁকে প্রায় চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন। তবে জিজ্ঞাসাবাদের নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
ঘটনার সূত্রপাত গত ২৯ অক্টোবর। ওই দিন সংবাদমাধ্যমের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে, মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে। সরকার বদল হলে সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে ৩১ অক্টোবর গিরিশ পার্ক থানায় একটি এফআইআর দায়ের করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়ে ২০ নভেম্বর থানায় হাজিরার নোটিস দিয়েছিল। সেই নোটিস মেনেই তিনি শুক্রবার থানায় হাজিরা দেন। এদিকে, তাঁর থানায় আসা ও বের হওয়ার সময় থানার বাইরে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে স্লোগান-পালটা স্লোগান শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে বলে খবর পাওয়া গিয়েছে।
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বালি ও কয়লা পাচার, সই জাল, ডিজে মন্তব্য এবং পুলিশকে হুমকি-সহ একাধিক মামলায় তদন্ত চলছে। এর মধ্যে বালি ও কয়লা পাচার সংক্রান্ত অভিযোগে ইডি ও সিবিআই তদন্ত করছে বলেও জানা গিয়েছে।
