পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনে বড় রদবদল: আইজি, ডিআইজি ও ইন্সপেক্টর স্তরে একাধিক বদলি

পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করা হয়েছে। শুক্রবার রাজ্য পুলিশের তরফে জারি করা এক নির্দেশিকায় আইজি ও ডিআইজি স্তরের পাশাপাশি আটজন ইন্সপেক্টরকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক প্রয়োজনে এই রদবদল করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
তালিকায় ২০১০ ব্যাচের আইপিএস আধিকারিক কে কান্নান রয়েছেন, যাঁকে ডিআইজি, সিআইএফ পদ থেকে সরিয়ে ডিআইজি, সিআইডি-২ পদে নিযুক্ত করা হয়েছে। এছাড়া হাওড়া জিআরপি থেকে এসিবি-তে ডেপুটেশনে থাকা ইন্সপেক্টর সঞ্জয় দে-কে ডায়মন্ড হারবার থানার আইসি করা হয়েছে। ডায়মন্ড হারবার থানার বর্তমান আইসি প্রশান্ত করকে পূর্ব মেদিনীপুরের ডিআইবি-তে পাঠানো হয়েছে।
তালিকায় আরও রদবদল করে সিআইডি-র ইন্সপেক্টর গৌতম সাহাকে নোদাখালি থানার আইসি এবং নোদাখালির বর্তমান আইসি হিমাংশু বিশ্বাসকে বসিরহাট ট্রাফিক ইউনিটে বদলি করা হয়েছে। শিলিগুড়ির প্রধাননগর থানার আইসি বাসুদেব সরকারকে বজবজ থানার আইসি এবং বজবজের বর্তমান আইসি নিরুপম মণ্ডলকে বীরভূম ডিআইবি-তে পাঠানো হয়েছে। জলপাইগুড়ি ডিআইবি-র চিরঞ্জিত বিশ্বাসকে হাওড়া গ্রামীণের গড়চুমুকের সিআই করা হয়েছে।
পাশাপাশি, পুজালি থানার আইসি সোমনাথ দে-র বীরভূম ডিআইবি-তে বদলির নির্দেশ বাতিল করে তাঁকে আগের পদেই বহাল রাখা হয়েছে। রাজ্য পুলিশের এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
