বৈভব সূর্যবংশীকে নিয়মিত সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল কৃষ্ণমাচারি শ্রীকান্তের

তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে ধারাবাহিকভাবে খেলার সুযোগ না দেওয়ার বিষয়ে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ১৬তম ফিকি বিজনেস অফ স্পোর্টস সামিটে তিনি বলেন, বৈভবকে একটি ম্যাচে খেলিয়ে পরের কয়েকটি ম্যাচে বসিয়ে রাখা একেবারেই কাম্য নয়। এই ধরনের আচরণ প্রতিভাবান ক্রিকেটারের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং এটি দলের জন্য বড় ভুল বলে তিনি মনে করেন।
শ্রীকান্তের মতে, বৈভবকে ওয়ান ডে এবং টেস্ট ফরম্যাটে নিয়মিত সুযোগ দেওয়া উচিত। তিনি পরামর্শ দিয়েছেন, এই তরুণ ব্যাটারকে অন্তত ২০টি ইনিংস খেলার নিশ্চয়তা দেওয়া হোক। তাঁর দাবি, ধারাবাহিকভাবে খেলার সুযোগ পেলে বৈভব একার হাতে ভারতকে একাধিক ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। তাকে দলের ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন তিনি।
টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ফেরানোর ক্ষেত্রেও বৈভবের ভূমিকা থাকতে পারে বলে মনে করেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী এই সদস্য। শ্রীকান্তের কথায়, বৈভব যদি টেস্ট ক্রিকেটে সফল হন, তবে বিশ্বজুড়ে লাল বলের ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ নতুন করে বাড়বে। নিউজিল্যান্ডে টি-২০ খেলার সময় তাঁর ব্যাটিং দেখতে দর্শকদের ভিড় হওয়ার প্রসঙ্গ টেনে তিনি জানান, বৈভবের মতো প্রতিভাবান ক্রিকেটারকে অনিশ্চয়তার মধ্যে না রেখে নিয়মিত খেলার সুযোগ দেওয়া প্রয়োজন।
